কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত মহাভারত
সারানুবাদ রাজশেখর বসু
সৌতি বলিলেন চরাচরগুরু হৃষীকেশ হরিকে নমস্কার করিয়া আমি ব্যাসপ্রোক্ত মহাভারতকথা আরম্ভ করিতেছি। কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলিয়া গিয়াছেন এখন অপর কবিরা বলিতেছেন আবার ভবিষ্যতেও অন্য কবিরা বলিবেন। ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তীর ধৈর্য বাসুদেবের মাহাত্ম্য পাণ্ডবগণের সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্রপুত্রগণের দুশ্চরিত্রতা বিবৃত করিয়াছেন।
...পরকালে দেবতারা তুলাদণ্ডে ওজন করিয়া দেখিয়াছিলেন যে উপনিষদসহ চারি বেদের তুলনায় একখানি এই গ্রন্থ মহত্ত্ব ও ভারবত্তায় অধিক সেইজন্যই এর নাম মহাভারত।