পরিশিষ্ট
মহাভারতে বহু উক্ত ব্যক্তি, স্থান ও দ্রব্যাদি
অক্রুর — কৃষ্ণের এক সখা, সম্পর্কে পিতৃব্য।
অঙ্গ দেশ — মুঙ্গের ও ভাগলপুর জেলায়।
অন্ধ্র দেশ — মাদ্রাজ প্রদেশের উত্তরাংশ এবং হায়দ্রাবাদের কিয়দংশ।
অবন্তী — মালব দেশ।
অম্বা — কাশীরাজের প্রথমা কন্যা, পরজন্মে শিখণ্ডী।
অম্বালিকা — কাশীরাজের তৃতীয়া কন্যা, বিচিত্রবীর্য্য-পত্নী, পাণ্ডু-জননী।
অম্বিকা — কাশীরাজের দ্বিতীয়া কন্যা, বিচিত্রবীর্য্য-পত্নী, ধৃতরাষ্ট্র-জননী।
অর্জুন — পাণ্ডুর তৃতীয় পুত্র, ইন্দ্রের ঔরসে কুন্তীর গর্ভে জাত।
অলম্বুষ — কুরুপক্ষীয় এক রাক্ষস যোদ্ধা, জটাসুরের পুত্র।
অশ্বত্থামা — দ্রোণ-কৃপীর পুত্র।
অহিচ্ছত্র দেশ — যুক্তপ্রদেশে বেরেলী জেলায়।
আস্তীক — জরৎকারু-পুত্র, বাসুকির ভাগিনেয়।
ইন্দ্রপ্রস্থ — দিল্লির নিকটবর্তী নগর।
ইন্দ্রসেন — যুধিষ্ঠিরের সারথি।
ইরাবান — অর্জুন-উলুপীর পুত্র।
উগ্রসেন — কংসের পিতা, যাদবগণের রাজা।
উত্তমৌজা — পাণ্ডবপক্ষীয় পাঞ্চাল বীর বিশেষ।
উত্তর — বিরাটের কনিষ্ঠ পুত্র।
উত্তরকুরু — তিব্বতের উত্তরপশ্চিমেস্থ দেশ; মতান্তরে সাইবেরিয়া।
উত্তরা — বিরাট-কন্যা, অভিমন্যু-পত্নী, পরীক্ষিৎ-জননী।
উদ্ধব — কৃষ্ণের এক সখা, সম্পর্কে পিতৃব্য।
উপপ্লব্য — মৎস্যরাজ্যের অন্তর্গত নগর।
উলুক — শকুনি-পুত্র।
উলুপী — নাগরাজ কৌরব্যের কন্যা, অর্জুন-পত্নী।
একচক্রা নগরী — অনেকের মতে বিহার প্রদেশের আরা; কিন্তু এই অনুমান ভ্রান্ত বোধ হয়।
কংস — উগ্রসেন-পুত্র, দেবকীর ভ্রাতা, জরাসন্ধের জামাতা।
কবচ — বর্ম।
কম্বোজ — কাশ্মীরের উত্তরস্থ দেশ।
কর্ণ — সূর্যের ঔরসে কুন্তীর গর্ভে জাত, সূতবংশীয় অধিরথ ও তাঁর পত্নী রাধা কর্তৃক পালিত।
কলিঙ্গ — মহানদী থেকে গোদাবরী পর্যন্ত বঙ্গোপসাগরের তীরস্থ প্রদেশ।
কাম্যক বন — কচ্ছ উপসাগরের নিকট সরস্বতী নদীর তীরে।
কীচক — বিরাট রাজার সেনাপতি ও শ্যালক।
কুন্তিভোজ — শূরদের পিতৃম্বসার পুত্র, কুন্তীর পালক-পিতা।
কুন্তী — অন্য নাম পৃথা; শূরদের দুহিতা, বসুদেবের ভগিনী, কুন্তিভোজের পালিতা কন্যা, পাণ্ডুর প্রথমা পত্নী, যুধিষ্ঠির-ভীম-অর্জুনের জননী।
কুরু — দুষ্মন্ত-শকুন্তলার পুত্র ভরতের বংশধর, সংবরণ-তপতীর পুত্র।
কুরুক্ষেত্র — পাঞ্জাবে অম্বালা ও কর্নাল জেলায়।
কুরুজঙ্গল — কুরুক্ষেত্র ও তার উত্তরস্থ স্থান।
কৃতবর্মা — ভোজবংশীয় যাদব প্রধান বিশেষ।
কৃপ — শরদ্বানের পুত্র, কুরুপাণ্ডবদের অন্যতম অস্ত্রশিক্ষক, দ্রোণের শ্যালক।
কৃষ্ণ — বসুদেব-দেবকীর পুত্র, বলরাম ও সুভদ্রার বৈমাত্র ভ্রাতা, যুধিষ্ঠিরাদির মামাতো ভাই।
কেকয় — শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দেশ। মতান্তরে — সিন্ধু নদের উত্তরপশ্চিমে।
কেরল — দক্ষিণপশ্চিম ভারতে মালাবার ও কানাড়া প্রদেশ।
কোশল — যুক্তপ্রদেশে অযোধ্যার নিকটবর্তী ফয়জাবাদ গণ্ডা ও বরেচ জেলায় অবস্থিত দেশ; উত্তর- ও দক্ষিণ-কোশল এই দুই অংশে বিভক্ত। পরে দক্ষিণ- বা মহা-কোশল মধ্যপ্রদেশে ছত্তিশগড় জেলায়।
কৌশিকী নদী — আধুনিক কুশী বা কোশী।
ক্ষুরপ্র — খুরপার ন্যায় ক্ষেপণাস্ত্র।
গদ — যাদব বীর বিশেষ।
গদা — মুদ্গরতুল্য যুদ্ধাস্ত্র।
গান্ধার — সিন্ধু ও কাবুল নদীর উভয়পার্শ্বস্থ দেশ; মতান্তরে আধুনিক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ।
গান্ধারী — গান্ধাররাজ সুবলের কন্যা, ধৃতরাষ্ট্র-পত্নী, দুর্যোধনাদির জননী।
গিরিব্রজ — জরাসন্ধের রাজধানী, রাজগৃহ, আধুনিক রাজগির।
ঘটোৎকচ — ভীম-হিড়িম্বার পুত্র।
চক্র — তীক্ষ্ণধার চক্রাকার ক্ষেপণাস্ত্র অস্ত্র, diskus।
চর্ম — ঢাল।
চর্ম্মবতী নদী — আধুনিক চম্বল, মধ্যভারতে।
চিত্রাঙ্গদা — মণিপুরপতি চিত্রবাহনের কন্যা, অর্জুন-পত্নী, বভ্রুবাহনের জননী।
চেকিতান — যাদব যোদ্ধা বিশেষ।
চেদি — নর্মদা-গোদাবরীর মধ্যস্থ জবলপুরের নিকটবর্তী দেশ।
চোল — কাবেরী নদীর উভয়তীরবর্তী দেশ।
জনমেজয় — পরীক্ষিতের পুত্র, অভিমন্যুর পৌত্র।
জয়দ্রথ — সৌবীররাজ, ধৃতরাষ্ট্র-কন্যা দুঃশলার পতি।
জরাসন্ধ — মগধের রাজা, বৃহদ্রথের পুত্র, কংসের শ্বশুর।
তক্ষক — নাগরাজ বিশেষ।
তক্ষশিলা নগরী — উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশে রাওয়ালপিণ্ড জেলায়।
তোমর — শাবলতুল্য যুদ্ধাস্ত্র।
ত্রিগর্ত দেশ — পাঞ্জাবে জালন্ধর জেলায় কাঙড়া উপত্যকায়। মতান্তরে শতদ্রুর পূর্ববর্তী মরুপ্রদেশে।
দরদ — কাশ্মীরের নিকটস্থ দেশ, দর্দিস্তান।
দশার্ণ দেশ — মধ্যভারতে চম্বল ও বেতোয়া নদীর মধ্যবর্তী।
দারুক — কৃষ্ণের সারথি।
দুঃশলা — ধৃতরাষ্ট্র-গান্ধারীর কন্যা, জয়দ্রথ-পত্নী।
দুঃশাসন — ধৃতরাষ্ট্র-গান্ধারীর দ্বিতীয় পুত্র।
দুর্যোধন — ধৃতরাষ্ট্র-গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র।
দ্রাবিড় — ভারতের দক্ষিণপূর্ববর্তী দেশ।
দ্রুপদ — পাঞ্চালরাজ, ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী ও দ্রৌপদীর পিতা।
দ্রোণ — ভরদ্বাজ-পুত্র, কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু, কৃপের ভগিনীপতি।
দ্রৌপদী — কৃষ্ণা, পাঞ্চালী; দ্রুপদ-কন্যা, পঞ্চপাণ্ডবের পত্নী।
দ্বৈতবন — পঞ্জাবে সরস্বতী নদীর তীরে।
ধৃতরাষ্ট্র — বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ ক্ষেত্রজ পুত্র, ব্যাসের ঔরসে অম্বিকার গর্ভে জাত।
ধৃষ্টকেতু — শিশুপাল-পুত্র, চেদি দেশের রাজা।
ধৃষ্টদ্যুম্ন — দ্রুপদ-পুত্র, দ্রৌপদীর ভ্রাতা।
ধৌম্য — যুধিষ্ঠিরাদির পুরোহিত।
নকুল-সহদেব — পাণ্ডুর চতুর্থ ও পঞ্চম যমজ পুত্র, অশ্বিনীকুমারদ্বয়ের ঔরসে মাদ্রীর গর্ভে জাত।
নর — বিষ্ণুর অংশস্বরূপ দেবতা বা ঋষি বিশেষ।
নারাচ — লৌহময় বাণ।
নালীক — বাণ বিশেষ।
নিষধ দেশ — মধ্যপ্রদেশে জবলপুরের পূর্বে। মতান্তরে যুক্তপ্রদেশে কুমাযুন অঞ্চলে।
নৈমিষারণ্য — যুক্তপ্রদেশে সীতাপুর জেলায়, আধুনিক নিমসার।
পঞ্চাল — গঙ্গা-যমুনার মধ্যস্থ দেশ, গঙ্গাদ্বার থেকে চম্বল নদী পর্যন্ত।
পট্টীশ — দ্বিধার খড়্গ বিশেষ।
পরশু — কুঠার বা টাঙ্গি তুল্য যুদ্ধাস্ত্র। মতান্তরে খড়্গ বিশেষ।
পরিঘ — লৌহমুখ বা লৌহকন্টকযুক্ত মুদ্গর।
পরীক্ষিৎ — অভিমন্যু-উত্তরার পুত্র, অর্জুনের পৌত্র।
পাণ্ডু — বিচিত্রবীর্যের দ্বিতীয় ক্ষেত্রজ পুত্র, ব্যাসের ঔরসে অম্বালিকার গর্ভে জাত।
পাণ্ড্য দেশ — মাদ্রাজ প্রদেশে মাদুরা ও তিন্নেভেলি জেলায়।
পুণ্ড্র দেশ — উত্তরবঙ্গ।
প্রদ্যুম্ন — কৃষ্ণ-রুক্মিণীর পুত্র।
প্রভাস — কাথিয়াবাড়ে সমুদ্রতীরবর্তী তীর্থ।
প্রাগজ্যোতিষ দেশ — কামরূপ।
প্রাচ্য — সরস্বতী নদীর পূর্বস্থ দেশ।
প্রাস — ছোট বর্শা।
বঙ্গ দেশ — পূর্ববঙ্গ।
বৎস দেশ — প্রয়াগের পশ্চিমে যমুনার উত্তরে।
বজ্র, — যাদব বীর বিশেষ।
বভ্রুবাহন — অর্জুন-চিত্রাঙ্গদার পুত্র।
বলরাম — বলদেব, কৃষ্ণের অগ্রজ বৈমাত্র ভ্রাতা, বসুদেব-রোহিণীর পুত্র।
বসুদেব — কৃষ্ণ-বলরাম-সুভদ্রার পিতা, কুন্তীর ভ্রাতা, শূরের পুত্র।
বারণাবত — প্রয়াগের নিকটস্থ নগর।
বাসুকি — নাগরাজ, অনন্ত, কশ্যপ-কদ্রুর পুত্র।
বাহীক বা বাহ্যীক দেশ — সিন্ধু ও পঞ্চনদ প্রদেশ। মতান্তরে বাল্খ।
বাহ্লীকরাজ — কুরুবংশীয়, সোমদত্তের পিতা, ভূরিশ্রবার পিতামহ।
বিকর্ণ — দুর্যোধনের এক ভ্রাতা।
বিচিত্রবীর্য — শান্তনু-সত্যবতীর পুত্র, ভীষ্মের বৈমাত্র ভ্রাতা।
বিদর্ভ দেশ — আধুনিক বেরার।
বিদুর — ব্যাসের ঔরসে অম্বিকার শূদ্রা দাসীর গর্ভজাত।
বিদেহ দেশ — উত্তর বিহার বা মিথিলা।
বিরাট — মৎস্য দেশের রাজা, উত্তরার পিতা।
বিশ্বামিত্র — কান্যকুব্জরাজ গাধির পুত্র, কুশিকের পৌত্র।
বৃহৎক্ষত্র — নিষধরাজ। জ্যেষ্ঠ কেকয়রাজ।
বৃহদ্বল — কোশলরাজ।
বৈশম্পায়ন — ব্যাস-শিষ্য, জনমেজয়ের সর্পযজ্ঞে মহাভারত-বক্তা।
ব্যাস — কৃষ্ণদ্বৈপায়ন, পরাশর-সত্যবতীর পুত্র, ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্মদাতা, মহাভারত-রচয়িতা।
ব্রহ্মর্ষি দেশ — কুরুক্ষেত্র মৎস্য পাঞ্চাল ও শূরসেন সংবলিত দেশ।
ব্রহ্মাবর্ত — সরস্বতী ও দৃষদ্বতী নদীর মধ্যস্থ দেশ।
ভগদত্ত — প্রাগজ্যোতিষপুরের রাজা, ম্লেচ্ছ ও অসুররূপে উক্ত।
ভরত — দুষ্মন্ত-শকুন্তলার পুত্র, কুরু-পাণ্ডবগণের পূর্বপুরুষ।
ভল্ল — বর্শা বিশেষ।
ভীম — পাণ্ডুর দ্বিতীয় পুত্র, পবনদেবের ঔরসে কুন্তীর গর্ভে জাত।
ভীষ্ম — শান্তনু-গঙ্গার পুত্র।
ভীষ্মক — রুক্মিণীর পিতা, কৃষ্ণের শ্বশুর, ভোজ দেশের রাজা।
ভূরিশ্রবা — সোমদত্তের পুত্র, কুরুবংশীয় যোদ্ধা বিশেষ।
ভোজ — যদুবংশ। মালব ও বিদর্ভের নিকটবর্তী দেশ।
মগধ দেশ — পাটনা-গয়ার নিকটে।
মণিপুর — আধুনিক মণিপুর নয়; মহাভারতের মণিপুর অনির্বীত।
মৎস্য দেশ — রাজপুতানায় ঢোলপুর রাজ্যের পশ্চিমে। মতান্তরে আধুনিক জয়পুর।
মদ্র দেশ — পাঞ্জাবে চন্দ্রভাগা ও ইরাবতী নদীর মধ্যে।
মধ্য দেশ — হিমালয়-বিন্ধ্যের মধ্যে, প্রয়াগের পশ্চিমে এবং কুরুক্ষেত্রের পূর্ব্বে অবস্থিত ভূভাগ।
ময় দানব — নমুচির ভ্রাতা, পাণ্ডবরাজসভা-নির্মাতা।
মহেন্দ্র পর্বত — পূর্ব্বঘাট পর্বতমালা।
মাদ্রী — মদ্ররাজ শল্যের ভগিনী, পাণ্ডুর দ্বিতীয় পত্নী, নকul-সহদেবের জননী।
মালব দেশ — মধ্য ভারতে, আধুনিক মালওয়া।
মাহিষ্মতী পুরী — মধ্যপ্রদেশে নিমার জেলায় নর্মদাতীরে।
মেকল দেশ — নর্মদার উৎপত্তিস্থান অমরকণ্টকের নিকটে।
মেরু, সুমেরু — চীন-তুর্কিস্থানে, সম্ভবত হিন্দুকুশ পর্বত।
যুধামন্যু — পাঞ্চাল বীর বিশেষ।
যুধিষ্ঠির — পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র, ধর্ম্মের ঔরসে কুন্তীর গর্ভে জাত।
যুযুৎসু — বৈশ্যার গর্ভজাত ধৃতরাষ্ট্রের পুত্র।
রৈবতক পর্বত — কাথিয়াবাড়ে, আধুনিক গির্নার।
লক্ষ্মণ — দুর্যোধন-পুত্র।
লৌহিত্য — ব্রহ্মপুত্র নদ।
শকুনি — দুর্যোধনের মাতুল, গান্ধাররাজ সুবলের পুত্র।
শঙ্খ — বিরাটের জ্যেষ্ঠপুত্র।
শক্তি — ক্ষেপণাস্ত্রীয় লৌহদণ্ড বা বর্শা বিশেষ।
শতঘ্নী — লৌহকণ্টকাকীর্ণ বৃহৎ ক্ষেপণাস্ত্রীয় অস্ত্র বিশেষ।
শতানীক — বিরাটের ভ্রাতা।
শল্য — বাহ্লীক-বংশীয়, মদ্রদেশের রাজা, মাদ্রীর ভ্রাতা।
শান্তনু — প্রতীপের পুত্র, ভীষ্ম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য্যের পিতা।
শাম্ব — কৃষ্ণ-জাম্ববতীর পুত্র।
শাল্ব দেশ — সম্ভবত রাজপুতানায়। সেখানকার কয়েকজন রাজার নামও শাল্ব।
শিখণ্ডী — দ্রুপদের পুত্র, পূর্বজন্মে কাশীরাজকন্যা অম্বা।
শিশুপাল — চেদি দেশের রাজা, দমঘোষ-পুত্র, কৃষ্ণের পিসতুতো ভাই।
শুকদেব — ব্যাসের পুত্র।
শূর — বসুদেবের পিতা।
শূরসেন — মথুরার নিকটবর্ত্তী প্রদেশ।
শ্রুতায়ু — কলিঙ্গরাজ।
শ্বেত — বিরাটের মধ্যম পুত্র।
সঞ্জয় — ধৃতরাষ্ট্রের সারথি, সূত-জাতীয়।
সত্যজিৎ — দ্রুপদের ভ্রাতা।
সত্যবতী — অন্য নাম মৎস্যগন্ধা, উপরিচর বসুর কন্যা, মৎস্যগর্ভে জাতা, ব্যাসের জননী। পরে শান্তনুর পত্নী এবং চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য্যের জননী।
সমস্তপঞ্চক — কুরুক্ষেত্রের অন্তর্গত পঞ্চহ্রদযুক্ত স্থান।
সহদেব — নকুল দেখ। জরাসন্ধ-পুত্র, মগধরাজ।
সাত্যকি — বৃষ্ণিবংশীয় যাদববীর, সত্যকের পুত্র, শিনির পৌত্র।
সারণ — কৃষ্ণের বৈমাত্র ভ্রাতা, সুভদ্রার সহোদর।
সুদেষ্ণা — বিরাটমহিষী, উত্তর-উত্তরার জননী, কেকয়রাজকন্যা।
সুবল — গান্ধাররাজ, গান্ধারী ও শকুনির পিতা।
সুভদ্রা — কৃষ্ণের বৈমাত্র ভগিনী, অর্জুন-পত্নী, অভিমন্যু-জননী।
সুমেরু — মেরু দেখ।
সুরাষ্ট্র, সৌ — আধুনিক কাথিয়াবাড় ও গুজরাট।
সুশর্মা — ত্রিগর্ত্ত দেশের রাজা।
সুহ্ম দেশ — তমলুকের নিকট।
সোমদত্ত — কুরুবংশীয়, বাহ্লীকরাজপুত্র, ভূরিশ্রবার পিতা।
সৌতি — প্রকৃত নাম উগ্রশ্রবা, জাতিতে সূত; ইনি নৈমিষারণ্যে ঋষিদের মহাভারত শুনিয়েছিলেন।
সৌবীর দেশ — রাজপুতানার দক্ষিণ; মতান্তরে সিন্ধু প্রদেশে।
হস্তিনাপুর — দিল্লীর পূর্ব্বে, মিরাটের নিকট, গঙ্গার দক্ষিণ তীরে।
হিড়িম্বা — ভীমের রাক্ষসী পত্নী, ঘটোৎকচ-জননী।