বিরাটপর্ব: ১১। দক্ষিণগোগ্রহ — সুশর্ম্মার পরাজয়
পাণ্ডবগণের নির্বাসনের ত্রয়োদশ বর্ষ যেদিন পূর্ণ হ'ল সেই দিনে সুশর্মা বিরাটের বহু গোধন হরণ করলেন। একজন গোপ বেগে রাজসভায় গিয়ে বিরাটকে বললে, মহারাজ, ত্রিগত দেশীয়গণ আমাদের নির্জিত ক'রে শতসহস্র গো হরণ করেছে। বিরাট তখনই তাঁর সেনাদলকে প্রস্তুত হতে আজ্ঞা দিলেন। বিরাট, তাঁর ভ্রাতা শতানীক এবং জ্যেষ্ঠ রাজপুত্র শঙ্খ রত্নভূষিত অভেদ্য বর্ম প'রে সজ্জিত হলেন। বিরাট বললেন, কঙ্ক বল্লভ তান্তিপাল ও গ্রন্থিক এঁরাও বীর্যবান এবং যুদ্ধ করতে সমর্থ; এদেরও অস্ত্রশস্ত্র কবচ আর রথ দাও। রাজার আজ্ঞানুসারে শতানীক যুধিষ্ঠিরাদিকে অস্ত্র রথ ইত্যাদি দিলেন, তাঁরা আনন্দিত হয়ে মৎস্যরাজ্যের বাহিনীর সঙ্গে যাত্রা করলেন। মধ্যাহ্ন অতীত হ'লে মৎস্যসেনার সঙ্গে ত্রিগত সেনার সংঘর্ষ হ'ল।
দুই সৈন্যদলে তুমুল যুদ্ধ হতে লাগল। সুশর্মা ও বিরাট দ্বৈরথ যুদ্ধে নিবৃত্ত হলেন। বহুক্ষণ যুদ্ধের পর সুশর্মা বিরাটকে পরাজিত করলেন এবং তাঁকে বন্দী করে নিজের রথে তুলে নিয়ে দ্রুতবেগে চললেন। মৎস্যসেনা ভয়ে পালাতে লাগল। তখন যুধিষ্ঠির ভীমকে বললেন, মহাবাহু, তুমি বিরাটকে শত্রুর হাত থেকে মুক্ত কর, আমরা তাঁর গৃহে সুখে সসম্মানে বাস করেছি, তার প্রতিদান আমাদের কর্তব্য। ভীম একটি বিশাল বৃক্ষ উৎপাটন করতে যাচ্ছে দেখে যুধিষ্ঠির বললেন, তুমি বৃক্ষ নিয়ে যুদ্ধ করো না, লোকে তোমাকে চিনে ফেলবে, তুমি ধনু, খড়্গ পরশু প্রভৃতি সাধারণ অস্ত্র নাও।
পাণ্ডবগণ রথ নিয়ে অগ্রসর হচ্ছেন দেখে বিরাটের সৈন্যরাও ফিরে এসে যুদ্ধ করতে লাগল। যুধিষ্ঠির ভীম নকুল সহদেব সকলেই বহুতর যোদ্ধাকে বিনষ্ট করলেন। তার পর যুধিষ্ঠির সুশর্মার প্রতি ধাবিত হলেন। ভীম সুশর্মার অশ্ব সারথি ও পৃষ্ঠরক্ষকদের বধ করলেন। বন্দী বিরাট সুশর্মার রথ থেকে লাফিয়ে নামলেন এবং সুশর্মার গদা কেড়ে নিয়ে তাঁকে আঘাত করলেন। বিরাট বৃদ্ধ হলেও গদাহস্তে যুবকের ন্যায় বিচরণ করতে লাগলেন। ভীম সুশর্মার কেশাকর্ষণ ক'রে ভূমিতে ফেলে তাঁর মস্তকে পদাঘাত করলেন, সুশর্মা মূর্ছিত হলেন। ত্রিগর্ভ-সেনা ভয়ে পালাতে লাগল।
সুশর্মাকে বন্দী করে এবং গরু উদ্ধার করে পাণ্ডবরা বিরাটের কাছে গেলেন। ভীম ভাবলেন, এই পাপী সুশর্মা জীবনলাভের যোগ্য নয়, কিন্তু আমি কি করতে পারি, রাজা যুধিষ্ঠির সর্বদাই দয়াশীল। রথের উপরে অচেতনপ্রায় সুশর্মা বদ্ধ হয়ে ছটফট করছেন দেখে যুধিষ্ঠির সহাস্যে বললেন, নরাধমকে মুক্তি দাও। ভীম বললেন, মূঢ়, যদি বাঁচতে চাও তবে সর্বত্র বলবে—আমি বিরাট রাজার দাস। যুধিষ্ঠির বললেন, এ তো দাস হয়েছই, দুরাত্মাকে এখন ছেড়ে দাও। সুশর্মা, তুমি উদাস হয়ে চলে যাও, এমন কার্য আর ক'রো না। সুশর্মা লজ্জায় অধোমুখ হয়ে নমস্কার ক'রে চলে গেলেন।
পাণ্ডবগণ যুদ্ধস্থানের নিকটেই সেই রাত্রি যাপন করলেন। পরদিন বিরাট তাঁদের বললেন, বিজয়িগণ, আপনাদের আমি সালংকারা কন্যা, বহু ধন এবং আর যা চান তা দিচ্ছি, আপনাদের বিক্রমেই আমি মুক্ত হয়ে নিরাপদে আছি, আপনারাই এখন মৎস্যরাজ্যের অধীশ্বর। যুধিষ্ঠিরাদি কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আপনার বাক্যে আমরা আনন্দিত হয়েছি, আপনি যে মুক্তিলাভ করেছেন তাতেই আমরা সন্তুষ্ট। বিরাট পুনর্বার যুধিষ্ঠিরকে বললেন, আপনি আসুন, আপনাকে রাজপদে অভিষিক্ত করব। হে বৈয়াঘ্রপদ্য-গোত্রীয় ব্রাহ্মণ, আপনার জন্যই আমার রাজ্য ও প্রাণ রক্ষা পেয়েছে। যুধিষ্ঠির বললেন, মৎস্যরাজ, আপনার মনোজ্ঞ বাক্যে আমি আনন্দিত হয়েছি, আপনি অনিষ্ঠর হয়ে প্রসন্নমনে প্রজাপালন করুন, আপনার বিজয়সংবাদ ঘোষণার জন্য সত্বর রাজধানীতে দূত পাঠান।