ভীষ্মপর্ব: ২। ব্যাস ও ধৃতরাষ্ট্র
ধৃতরাষ্ট্র যে আর্ত হয়ে নির্জন স্থানে পুত্রদের দুর্নীতির বিষয় ভাবছিলেন এমন সময় প্রত্যক্ষদর্শী ত্রিকালজ্ঞ ভগবান ব্যাস তাঁর কাছে এসে বললেন, রাজা, তোমার পুত্রদের এবং অন্য রাজাদের মৃত্যু কাল আসন্ন হয়েছে, তাঁরা যুদ্ধে পরস্পরকে বিনষ্ট করবেন। কালবশেই এমন হবে এই জেনে তুমি শোক দূর কর। পরে, যদি সংগ্রাম দেখতে ইচ্ছা কর তবে আমি তোমাকে দিব্যদৃষ্টি দেব।
ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মর্ষিশ্রেষ্ঠ, জ্ঞাতিবধ দেখতে আমার রুচি নেই, কিন্তু আপনার প্রসাদে এই যুদ্ধের সম্পূর্ণ বিবরণ শুনতে ইচ্ছা করি। ব্যাস বললেন, গবলগণপুত্র এই সঞ্জয় আমার বরে দিব্যচক্ষু লাভ করবেন, যুদ্ধের সমস্ত ঘটনা এঁর প্রত্যক্ষ হবে, ইনি সর্বজ্ঞ হয়ে তোমাকে যুদ্ধের বিবরণ বলবেন (১)। ইনি অস্ত্রে আহত হবেন না, শ্রমে ক্লান্ত হবেন না, জীবিত থেকেই এই যুদ্ধ হতে নিষ্কৃতি পাবেন। আমিও কুরু-পাণ্ডবের কীর্তিকথা প্রচারিত করব। তুমি শোক ক'রো না, সমস্তই দৈবের বশে ঘটবে, যেখানে ধর্ম সেখানেই জয় হবে। এই যুদ্ধে মহান লোকক্ষয় হবে, আমি তার বিবিধ ভয়ঙ্কর দুর্নিমিত্ত দেখতে পাচ্ছি। উদয় ও অস্ত কালে সূর্যমণ্ডল কবন্ধে বেষ্টিত হয়। রাত্রে বিড়াল ও শূকর যুদ্ধ করে, তাদের ভয়ঙ্কর নিনাদ অন্তরীক্ষে শোনা যায়। দেবপ্রতিমা কম্পিত হয়, হাস্য করে, রুধির বমন করে, স্বেদাক্ত হয়, এবং ভূপতিত হয়। যিনি ত্রিলোকে সাধ্বী বলে খ্যাত সেই অরুন্ধতী (নক্ষত্র) বশিষ্ঠের দিকে পিঠ ফিরিয়েছেন। কোনও কোনও গাভী চার পাঁচটি ক'রে কন্যা প্রসব করছে, সেই কন্যারা ভূমিষ্ঠ হয়েই নাচছে গাইছে আর হাসছে। বজ্র ও উল্কা পড়ে যাচ্ছে, আহুতির পর যজ্ঞাগ্নি থেকে দুর্গন্ধময় নীল লোহিতাভ ও পীত বর্ণের শিখা বামাবর্তে উঠছে। স্পর্শ গন্ধ ও স্বাদ বিপরীত হচ্ছে। পক্ষী ও গৃধ্র পক পক রব করে ধ্বজাগ্রে ব'সে রাজাদের ক্ষয় সূচনা করছে। ধৃতরাষ্ট্র, তোমার পুত্রদের ও সুহৃদ্বর্গকে ধর্মসংগত পথ দেখাও, তুমি এই যুদ্ধ নিবারণে সমর্থ। জ্ঞাতিবধ অতি হীন কার্য এবং আমার অপ্রিয়, তুমি তা হতে দিও না। যাতে তুমি পাপভাগী না হবে তেমন রাজ্যে তোমার কি প্রয়োজন? পাণ্ডবরা তাদের রাজ্য লাভ করুক, কৌরবরা শান্ত হ'ক।
ধৃতরাষ্ট্র বললেন, পিতা, মানুষ স্বার্থের জন্য মোহগ্রস্ত হয়, আমিও মানুষ মাত্র। আমার অধর্মে মতি নেই, কিন্তু পুত্রগণ আমার বশবর্তী নয়। আপনি আমার উপর প্রসন্ন হ’ন। ব্যাস বললেন, রাজা, সাম ও দান নীতিতে যে জয়লাভ হয় তাই শ্রেষ্ঠ, ভেদের দ্বারা যা হয় তা মধ্যম, এবং যুদ্ধ দ্বারা যা হয় তা অধম। সেনার বাহুল্য থাকলেই জয়লাভ হয় না, জয় অনিশ্চিত এবং দৈবের বশেই ঘটে। যাঁরা পূর্বে বিজয়ী হন তাঁরাই আবার পরে পরাজিত হন।