মৌষলপর্ব: ২। যাদবগণের বিনাশ

দ্বারকায় আরও নানাপ্রকার উৎপাত দেখা গেল। কৃষ্ণবর্ণা নারী নিদ্রিত পুরাঙ্গনাদের মঙ্গলসূত্র এবং ভয়ঙ্কর রাক্ষসগণ যাদবদের অলঙ্কার ছত্র ধ্বজ ও কবচ হরণ করতে লাগল। কৃষ্ণের চক্র সকলের সমক্ষে আকাশে অন্তর্হিত হ’ল, দারুকের সমক্ষে অশ্বগণ কৃষ্ণের দিব্য রথ নিয়ে সাগরের উপর দিয়ে চলে গেল। অপ্সররা বলরামের তালধ্বজ এবং কৃষ্ণের গরুড়ধ্বজ হরণ ক’রে উচ্চরবে বললে, যাদবগণ, প্রভাসতীর্থে চ’লে যাও।

বৃষ্ণি ও অন্ধক মহারথগণ প্রচুর খাদ্য পেয় মাংস মদ্য নিয়ে তাঁদের পরিবারবর্গ ও সৈন্যদের সঙ্গে প্রভাসে গেলেন। সেখানে তাঁরা নারীদের সঙ্গে নিরন্তর পানভোজনে রত হলেন এবং ব্রাহ্মণের জন্য প্রস্তুত অন্নে সুরা মিশ্রিত ক’রে বানরদের খাওয়াতে লাগলেন। বলরাম সাত্যকি গদ (১) বভ্রু ও কৃতবর্মা কৃষ্ণের সমক্ষেই সুরাপান করতে লাগলেন। সাত্যকি অত্যন্ত মত্ত হয়ে কৃতবর্মাকে বললেন, কোন্ ক্ষত্রিয় মৃতবৎ নিদ্রামগ্ন লোককে বধ করে? তুমি যা করেছিলে যাদবগণ তা ক্ষমা করবেন না। প্রদ্যুম্ন সাত্যকির বাক্যের সমর্থন করলেন। কৃতবর্মা ক্রুদ্ধ হয়ে বললেন, ভূরিশ্রবা যখন ছিন্নবাহু হয়ে প্রায়োপবিষ্ট ছিলেন তখন তুমি নৃশংসভাবে তাঁকে বধ করেছিলে কেন? সাত্যকি সামন্তক মণি হরণ ও সত্রাজিৎ (২) বধের বৃত্তান্ত বললেন। পিতার মৃত্যুর কথা শুনে সত্যভামা কৃষ্ণকে ক্রুদ্ধ করবার জন্য তাঁর ক্রোড়ে ব'সে রোদন করতে লাগলেন। সাত্যকি উঠে বললেন, সম্মাত্মা, আমি শপথ করছি, ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী ও দ্রৌপদীপুত্রগণ যেখানে গেছেন কৃতবর্ম্মাকে সেখানে পাঠাব; এই পাপাত্মা অশ্বত্থামার সাহায্যে তাঁদের সুপ্তাবস্থায় হত্যা করেছিল। এই ব'লে তিনি খড়্গাঘাতে কৃতবর্ম্মার শিরচ্ছেদ ক'রে অন্যান্য লোককেও বধ করতে লাগলেন।

(১) কৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতা।
(২) সত্যভামার পিতা; কৃতবর্মা ও অক্রূরের প্ররোচনায় শতধন্বা একে বধ করেছিলেন। বিষ্ণুপুরাণে ও হরিবংশে স্যমন্তক মণির উপাখ্যান আছে।

তখন ভোজ ও অন্ধকগণ সাত্যকিকে বেষ্টন ক'রে উচ্ছিষ্ট ভোজনপাত্র দিয়ে প্রহার করতে লাগলেন। কালের বিপর্যয় বুঝে কৃষ্ণ ক্রুদ্ধ হলেন না। রুক্মিণীপুত্র প্রদ্যুম্ন সাত্যকিকে রক্ষা করবার জন্য যুদ্ধ করতে লাগলেন, কিন্তু সাত্যকির সহিত তিনিও নিহত হলেন। তখন কৃষ্ণ এক মুষ্টি এরকা (১) নিলেন, তা বজ্রতুল্য লৌহ-মুষলে পরিণত হ'ল। সেই মুষলের আঘাতে তিনি সম্মুখস্থ সকলকে বধ করতে লাগলেন। সেখানকার সমস্ত এরকাই মুষল হয়ে গেল; তার দ্বারা অন্ধক ভোজ বজ্র প্রভৃতি যাদবগণ পরস্পরের হত্যায় প্রবৃত্ত হলেন এবং প্রমত্ত হয়ে পিতা পুত্রকে, পুত্র পিতাকে নিপাতিত করলেন। আঙিনাতে পতিত পতঙ্গের ন্যায় সকলে মরতে লাগলেন, কারও পলায়নের বুদ্ধি হ'ল না। কৃষ্ণের সমক্ষেই প্রদ্যুম্ন শাম্ব চারুদেষ্ণ অনিরুদ্ধ গদ প্রভৃতি নিহত হলেন। তখন বজ্র ও দারুক বললেন, ভগবান, বহু লোককে বিনষ্ট করেছেন, এখন আমরা বলরামের কাছে যাই চলুন।

(১) হোগলা বা তজ্জাতীয় তৃণ।