বনপর্ব: ৫৮। ত্রয়োদশ বৎসরের আরম্ভ
পাণ্ডবগণ তাঁদের সহবাসী তপস্বিগণকে কৃতাঞ্জলি হয়ে বললেন, আপনারা জানেন যে ধৃতরাষ্ট্রের পুত্রেরা কপট উপায়ে আমাদের রাজ্য হরণ করেছে, বহু দুঃখও দিয়েছে। আমরা দ্বাদশ বৎসর বনবাসে কষ্টে যাপন করেছি, এখন শেষ ত্রয়োদশ বৎসর উপস্থিত হয়েছে। আপনারা অনুমতি দিন, আমরা এখন অজ্ঞাতবাস করব। দুরাত্মা দুর্যোধন কর্ণ আর শকুনি যদি আমাদের সন্ধান পায় তবে বিষম অনিষ্ট করবে।
যুধিষ্ঠির বললেন, এমন দিন কি হবে যখন আমরা ব্রাহ্মণদের সঙ্গে আবার নিজ দেশে নিজ রাজ্যে বাস করতে পারব? অশ্রুরুদ্ধকণ্ঠে এই কথা বলে তিনি মূর্ছিত হলেন। ধৌম্য প্রভৃতি ব্রাহ্মণগণ সান্ত্বনাবাক্যে যুধিষ্ঠিরকে প্রবোধিত করলেন। ভীম বললেন, মহারাজ, আপনার আদেশের প্রতীক্ষায় আমরা এযাবৎ কোনও দুঃসাহসের কর্ম করি নি। আপনি যে কর্মে আমাদের নিযুক্ত করবেন আমরা তা কখনও পরিত্যাগ করব না। আপনি আদেশ দিলেই আমরা অবিলম্বে শত্রু জয় করব।
আশ্রমস্থ ব্রাহ্মণগণ এবং বেদবিৎ যতি ও মুনিগণ যথাবিধি আশীর্বাদ করে পুনর্বার দর্শনের অভিলাষ জানিয়ে চ'লে গেলেন। তার পর পঞ্চপাণ্ডব ধনুর্বাণহস্তে দ্রৌপদী ও পুরোহিত ধৌম্যের সঙ্গে যাত্রা করলেন এবং এক ক্রোশ দূরবর্তী এক স্থানে এসে অজ্ঞাতবাসের মন্ত্রণার জন্য উপবিষ্ট হলেন।