উদ্যোগপর্ব: ৫। সেনাসংগ্রহ

নানা দেশের রাজারা বিশাল সৈন্যদল নিয়ে পাণ্ডব পক্ষে যোগ দিতে এলেন। ক্ষুদ্র নদী যেমন সাগরে এসে লীন হয়, সেইরূপ বিভিন্ন দেশের অক্ষৌহিণী সেনা যুধিষ্ঠিরের বাহিনীতে প্রবেশ ক'রে লীন হ'তে লাগল। সাত্বতবংশীয় মহারথ সাত্যকি, চেদিরাজ ধৃষ্টকেতু, জরাসন্ধপুত্র মগধরাজ জয়ৎসেন, সাগরতটবাসী বহু যোদ্ধা সহ পাণ্ড্যরাজ, কেকয়রাজবংশীয় পঞ্চ সহোদর, পুত্রগণসহ পাঞ্চালরাজ দ্রুপদ, পার্বতীয় রাজগণ সহ মৎস্যরাজ বিরাট এবং আরও বহু দেশের রাজারা সসৈন্যে উপস্থিত হলেন। পাণ্ডবপক্ষে সাত অক্ষৌহিণী সেনা সংগৃহীত হ'ল।

দুর্যোধনের পক্ষেও বহু রাজা বৃহৎ সৈন্যদল নিয়ে যোগ দিলেন। কাঞ্চনবর্ণ চীন ও কিরাত সৈন্য সহ ভগদত্ত, সোমদত্তপুত্র ভূরিশ্রবা, মদ্ররাজ শল্য, ভোজ ও অন্ধক সৈন্য সহ হার্দিক্যপুত্র কৃতবর্মা, সিন্ধুসৌবীরবাসী জয়দ্রথ প্রভৃতি রাজারা, শক ও যবন সৈন্য সহ কাম্বোজরাজ সুদক্ষিণ, দাক্ষিণাত্য সৈন্য সহ মাহিষ্মতীরাজ নীল, অবন্তী দেশের দুই রাজা এবং অন্যান্য রাজারা সসৈন্যে উপস্থিত হলেন। দুর্যোধনের পক্ষে এগার অক্ষৌহিণী সেনা সংগৃহীত হ’ল। হস্তিনাপুরে তাদের স্থান হ’ল না; পঞ্চনদ, কুরুজাঙ্গল, রোহিতকারণ্য, মরুপ্রদেশ, অহিচ্ছত্র, কালকূট, গঙ্গাতীর, বারণ, বাটধান, যমুনাতীরস্থ পার্বত দেশ, সমস্তই কৌরবসৈন্যে ব্যাপ্ত হ’ল।