কর্ণপর্ব: ১২। কর্ণের শাপবৃত্তান্ত
তার পর কৰ্ণ বললেন, আজ যে তুমুল সংগ্ৰাম আসন্ন হয়েছে তাতে সেই অস্ত্রই আমার পক্ষে পৰ্য্যাপ্ত হ'ত। কিন্তু আজ আমি অন্য অস্ত্ৰ স্মরণ করছি যার দ্বারা অর্জ্জুন প্ৰভৃতি শত্রুকে নিপাতিত করব। আজ আমি অর্জ্জুনের প্রতি যে ব্রাহ্ম অস্ত্র নিক্ষেপ করব তার শক্তি ধারণাতীত। যদি আমার রথচক্ৰ গৰ্ত্তে না পড়ে তবে অর্জ্জুন আজ মুক্তি পাবে না। মদ্ররাজ, পূৰ্ব্বে অস্ত্ৰাভ্যাসকালে অসাবধানতার ফলে আমি এক ব্রাহ্মণের হোমধেনুর বৎসকে শরাঘাতে বধ করেছিলাম। তার জন্য তিনি আমাকে শাপ দিয়েছিলেন — যুদ্ধকালে তোমার মহাভয় উপস্থিত হবে এবং রথচক্ৰ গৰ্ত্তে পড়বে। আমি সেই ব্রাহ্মণকে বহু ধেনু, বৃষ হস্তী দাসদাসী সুসজ্জিত গৃহ এবং আমার সমস্ত ধন দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি প্রসন্ন হলেন না। শল্য, আপনি আমার নিন্দা করলেও সৌহাৰ্দ্দের জন্য এইসব কথা বললাম। আপনি জানবেন যে কৰ্ণ ভয় পাবার জন্য জন্মগ্রহণ করে নি, বিক্রমপ্রকাশ ও যশোলাভের জন্যই জন্মেছে। সহস্র শল্যের অভাবেও আমি শত্রুঞ্জয় করতে পারি।
শল্য বললেন, তুমি বিপক্ষদের উদ্দেশে যা বললে তা প্রলাপ মাত্র। আমি সহস্র কর্ণ ব্যতীত যুদ্ধে শত্রুঞ্জয় করতে পারি।
শল্যের নিষ্ঠুর কথা শুনে কর্ণ আবার মদ্রদেশের নিন্দা করতে লাগলেন। তিনি বললেন, কোনও ব্রাহ্মণ আমার পিতার নিকট বাহীক (১) ও মদ্র দেশের এই কুৎসা করেছিলেন। — যে দেশ হিমালয় গঙ্গা সরস্বতী যমুনা ও কুরুক্ষেত্রের বহির্ভাগে, এবং যা সিন্ধু শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তার মধ্যে অবস্থিত, সেই ধর্মহীন অশুচি বাহীক দেশ বর্জন করবে। জর্তিক নামক বাহীক-দেশবাসীর আচরণ অতি নিন্দিত, তারা গুড়ের মদ্য পান করে, লসুনের সহিত গোমাংস খায়, তাদের নারীরা দুশ্চরিত্রা ও অশ্লীলভাষিণী। আরট্ট নামক বাহীকগণ মেষ উষ্ট্র ও গর্দভের দুগ্ধ পান করে এবং জারজ পুত্র উৎপাদন করায়। কোনও এক সতী নারীর অভিশাপের ফলে সেখানকার নারীরা বহুভোজ্যা, সেদেশে ভাগিনেয়ই উত্তরাধিকারী হয়, পুত্র নয়। পাঞ্চনদ প্রদেশের আরট্টগণ কৃতঘ্ন পরস্পাপহারী মদ্যপ পরদারগামী নিষ্ঠুরভাষী গোঘাতক, তাদের ধর্ম নেই, অধর্মই আছে।
শল্য বললেন, কর্ণ, তুমি যে দেশের রাজা সেই অঙ্গদেশের লোকে আতুরকে পরিত্যাগ করে, নিজের স্ত্রীপুত্র বিক্রয় করে। কোনও দেশের সকল লোকেই পাপাচারণ করে না, অনেকে এমন সচ্চরিত্র যে দেবতারাও তেমন নন।
তার পর দুর্যোধন এসে মিত্ররূপে কর্ণকে এবং স্বজনরূপে শল্যকে কলহ থেকে নিবৃত্ত করলেন। কর্ণ হাস্য ক’রে শল্যকে বললেন, এখন রথ চালান।