শল্যপর্ব: ২। শলের সেনাপতিত্বে অভিষেক

কৌরবপক্ষীয় বীরগণ দুর্যোধনকে বললেন, মহারাজ, আপনি সেনাপতি নিযুক্ত ক'রে যুদ্ধ করুন, আমরা তৎকর্তৃক রক্ষিত হয়ে শত্রু জয় করব। দুর্যোধন রথারোহণে অশ্বত্থামার কাছে গেলেন—যিনি তেজে সূর্যতুল্য, বুদ্ধিতে বৃহস্পতি-তুল্য, যাঁর পিতা অযোনিজ এবং মাতাও অযোনিজা, যিনি রূপে অনুপম, সর্ববিদ্যার পারগামী এবং গুণের সাগর। দুর্যোধন তাঁকে বললেন, গুরুপুত্র, এখন আপনিই আমাদের পরমগতি, আদেশ করুন কে আমাদের সেনাপতি হবেন।

অশ্বত্থামা বললেন, শল্যের কুল রূপ তেজ যশ শ্রী ও সর্বপ্রকার গুণই আছে, ইনিই আমাদের সেনাপতি হ'ন। এই কৃতজ্ঞ নরপতি নিজের ভাগিনেয়দের ত্যাগ ক'রে আমাদের পক্ষে এসেছেন। ইনি মহাসেনার অধীশ্বর এবং দ্বিতীয় কার্তিকের ন্যায় মহাবাহু। দুর্যোধন ভূমিতে দাঁড়িয়ে কৃতাঞ্জলি হয়ে রথস্থ শল্যকে বললেন, মিত্রবৎসল, মিত্র ও শত্রু পরীক্ষা করবার সময় উপস্থিত হয়েছে, আপনি আমাদের সেনার অগ্রে থেকে নেতৃত্ব করুন, আপনি রণস্থলে গেলে মন্দমতি পাণ্ডব ও পাঞ্চালগণ এবং তাদের অমাত্যবর্গ নিরুদ্যম হবে। মদ্রাধিপ শল্য উত্তর দিলেন, কুরুরাজ, তুমি আমাকে দিয়ে যা করাতে চাও আমি তাই করব, আমার রাজ্য ধন প্রাণ সবই তোমার প্রিয়সাধনের জন্য। দুর্যোধন বললেন, বীরশ্রেষ্ঠ অতুলনীয় মাতুল, আপনাকে সেনাপতিত্বে বরণ করছি, কার্তিক যেমন দেবগণকে রক্ষা করেছিলেন সেইরূপ আপনি আমাদের রক্ষা করুন। শল্য বললেন, দুর্যোধন, শোন — কৃষ্ণ আর অর্জুনকে তুমি রথিশ্রেষ্ঠ মনে কর, কিন্তু তারা বাহুবলে কিছুতেই আমার তুল্য নন। আমি ক্রুদ্ধ হ'লে সুরাসুর ও মানব সমেত সমস্ত পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারি, পাণ্ডবরা তো দূরের কথা। আমি সেনাপতি হয়ে জয়লাভ করব এতে সন্দেহ নেই।