শল্যপর্ব: ৪। শাল্ববধ
(অষ্টাদশ দিনের আরও যুদ্ধ)
মধ্যাহ্নকালে যুধিষ্ঠির শল্যকে বধ করলেন, কৌরবসেনাও পরাজিত হয়ে যুদ্ধে পরাঙ্মুখ হ'ল। পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যগণ বলতে লাগল, আজ ধৈৰ্য্যশালী যুধিষ্ঠির জয়ী হলেন, দুৰ্য্যোধন রাজশ্ৰীহীন হলেন। আজ ধৃতরাষ্ট্র পুত্রের মৃত্যু-সংবাদ শুনবেন এবং শোকাকুল হয়ে ভূমিতে পড়ে নিজের পাপ স্বীকার করবেন। আজ থেকে দুৰ্য্যোধন দাস হয়ে পাণ্ডবদের সেবা করবেন এবং তাঁরা যে দুঃখ পেয়েছেন তা বুঝবেন। যুধিষ্ঠির ভীমাৰ্জ্জুন নকুল-সহদেব, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী ও দ্ৰৌপদীর পঞ্চপুত্ৰ যে পক্ষের যোদ্ধা সে পক্ষের জয় হবে না কেন? জগন্নাথ জনার্দ্দন কৃষ্ণ যাঁদের প্রভু, যাঁরা ধৰ্ম্মকে আশ্রয় করেছেন, সেই পাণ্ডবদের জয় হবে না কেন?
ভীমসেনের ভয়ে ব্যাকুল হয়ে কৌরবসৈন্য পালাচ্ছে দেখে দুৰ্য্যোধন তাঁর সারথিকে বললেন, তুমি ওই সৈন্যদের পশ্চাতে ধীরে ধীরে রথ নিয়ে চল, আমি রণস্থলে থেকে যুদ্ধ করলে আমার সৈন্যরা সাহস পেয়ে ফিরে আসবে। সারথি রথ নিয়ে চলল, তখন হস্তী অশ্ব ও রথবিহীন একুশ হাজার পদাতি এবং নানাদেশজাত বহু যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ ক'রে পুনৰ্ব্বার যুদ্ধে প্ৰবৃত্ত হ'ল। ভীমসেন তাঁর স্বৰ্ণমণ্ডিত বৃহৎ গদার আঘাতে সকলকেই নিষ্পেষিত করলেন। দুৰ্য্যোধন তাঁর পক্ষের অবশিষ্ট সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন, তারা বার বার ফিরে এসে যুদ্ধে রত হ'ল, কিন্তু প্রতি বারেই বিধ্বস্ত হয়ে পালাল।
দুৰ্য্যোধনের একটি মহাবংশজাত প্রিয় হস্তী ছিল, গজশাস্ত্রজ্ঞ লোকে তার পরিচৰ্য্যা করত। ম্লেচ্ছাধিপতি শাল্ব সেই পৰ্বতাকার হস্তীতে চ'ড়ে যুদ্ধ করতে এলেন এবং প্রচণ্ড বাণবৰ্ষণ ক'রে পাণ্ডবসৈন্যদের যমালয়ে পাঠাতে লাগলেন। সকলে দেখলে, সেই বিশাল হস্তী একাই যেন বহু সহস্র হয়ে সৰ্ব্বত্র বিচরণ করছে। পাণ্ডব- সেনা বিমর্দিত হ’য়ে পালাতে লাগল। তখন ধৃষ্টদ্যুম্ন বেগে ধাবিত হয়ে বহু নারাচ নিক্ষেপ ক'রে সেই হস্তীকে বিদ্ধ করলেন। শাল্ব অঙ্কুশ প্রহার ক'রে হস্তীকে ধৃষ্টদ্যুম্নের রথের দিকে চালিয়ে দিলেন। ধৃষ্টদ্যুম্ন ভয় পেয়ে রথ থেকে নেমে পড়লেন, তখন সেই হস্তী শুণ্ডে দ্বারা অশ্ব ও সারথি সমেত রথ তুলে নিয়ে ভূতলে ফেলে নিষ্পেষিত করলে। ভীম শিখণ্ডী ও সাত্যকি শরাঘাতে হস্তীকে বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু তাকে থামাতে পারলেন না। বীর ধৃষ্টদ্যুম্ন তাঁর পার্শ্বস্থ শৃঙ্গাকার গদা দিয়ে হস্তীর কুম্ভদেশে (মস্তকপার্শ্বস্থ দুই মাংসপিণ্ডে) প্রচণ্ড আঘাত করলেন। আর্তনাদ ও রক্তবমন করে সেই গজেন্দ্র ভূপতিত হ’ল, তখন ধৃষ্টদ্যুম্ন ভল্লের আঘাতে শাল্বের শিরশ্ছেদ করলেন।