অনুশাসনপর্ব: ১৯। সাধ্যহংস-সংবাদ
যুধিষ্ঠির বললেন, পিতামহ, সাম (তোষণ) ও দান এই দুইএর মধ্যে কোন্ উপায় শ্রেষ্ঠ? ভীষ্ম বললেন, কেউ সাম দ্বারা কেউ দান দ্বারা প্রসাদিত হয়, লোকের প্রকৃতি বুঝে সাম বা দান অবলম্বন করতে হয়। সাম দ্বারা দুর্দ্ধর্ষ প্রাণীকেও বশ করা যায়। একটি উপাখ্যান বলছি শোন। — এক সুবক্তা ব্রাহ্মণ জনহীন বনে এক ক্ষুধার্ত্ত রাক্ষসের সম্মুখীন হয়েছিলেন। ব্রাহ্মণ হতবুদ্ধি ও ত্রস্ত না হয়ে রাক্ষসকে মিষ্টবাক্যে সম্বোধন করলেন। রাক্ষস বললে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পার তবে তোমাকে ছেড়ে দেব; আমি কিজন্য পাণ্ডুবর্ণ ও কৃশ হয়ে যাচ্ছি তা বল। ব্রাহ্মণ কিছুক্ষণ চিন্তা ক'রে বললেন, রাক্ষস, তুমি বিদেশে বন্ধুহীন হয়ে বিষম ভোগ করছ এজন্য পাণ্ডুবর্ণ ও কৃশ হচ্ছ। তোমার মিত্রগণ তোমার নিকট সদ্ব্যবহার পেয়েও তোমার প্রতি বিমুখ হয়েছে। তোমার চেয়ে নিকৃষ্ট লোকেও ধনবান হয়ে তোমাকে অবজ্ঞা করছে। তুমি যাদের উপকার করেছিলে তারা এখন তোমাকে গ্রাহ্য করে না। তুমি গুণবান বিনয়সম্পন্ন ও প্রাজ্ঞ, কিন্তু দেখছ যে গুণহীন অজ্ঞ লোকে সম্মানিত হচ্ছে। কোনও শত্রু মিত্ররূপে এসে তোমাকে বঞ্চনা করেছে। নিজের গুণ প্রকাশ ক'রেও তুমি অসৎ লোকের কাছে মর্যাদা পাও নি। তোমার ধন বৃদ্ধি ও শাস্ত্রজ্ঞান নেই, কেবল তেজস্বিতার প্রভাবে তুমি মহান হতে চাচ্ছ। তুমি বনবাসী হয়ে তপস্যা করতে ইচ্ছা কর, কিন্তু তোমার বান্ধবদের তাতে সম্মতি নেই। এক ধনী স্বরূপ যুবা তোমার প্রতিবেশী, সে তোমার প্রিয়া পত্নীকে কামনা করে। তুমি লজ্জার বশে নিজের অভিপ্রায় প্রকাশ করতে পার না। কোনও চিরাভিলষিত ফল তুমি লাভ করতে পার নি। অপরাধ না ক'রেও তুমি অকারণে অন্যের অভিশাপ পেয়েছ। পাপীদের উন্নতি এবং সাধুদের দুর্দশা দেখে তোমার দুঃখ হয়। সুহৃদগণের অনুরোধে তুমি পরস্পর-বিরোধী লোকদের তুষ্ট করতে চেষ্টা করেছ। শ্রোত্রিয় ব্রাহ্মণের কুকর্ম এবং জ্ঞানী লোকের ইন্দ্রিয়সংযমের অভাব দেখে তুমি ক্ষুব্ধ হয়েছ। রাক্ষস, এইসকল কারণে তুমি পাণ্ডুবর্ণ ও কৃশ হয়ে যাচ্ছ।
ব্রাহ্মণের কথা শুনে রাক্ষস তুষ্ট হ'ল এবং তাঁকে বহু অর্থ দিয়ে ছেড়ে দিলে।