আশ্রমবাসিকপর্ব: ৪। ধৃতরাষ্ট্র প্রভৃতির বনযাত্রা
পরদিন প্রভাতকালে বিদুর যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, মহারাজ, ধৃতরাষ্ট্র স্থির করেছেন যে আগামী কার্তিক-পূর্ণিমায় বনে যাবেন। ভীষ্ম দ্রোণ সোমদত্ত বাহ্লীক দুর্যোধনাদি জয়দ্রথ এবং মৃত সুহৃদগণের শ্রাদ্ধের জন্য তিনি কিঞ্চিৎ অর্থ প্রার্থনা করছেন। যুধিষ্ঠির সানন্দে অর্থ দিতে স্বীকৃত হলেন, সহদেবের উপর কখনও অপ্রসন্ন হয়ো না, সে তোমার ও আমার অনুরক্ত। কর্ণকে সর্বদা স্মরণ ক'রো, তাঁর উদ্দেশ্যে দান ক'রো, সর্বদা সকলে দ্রৌপদীর প্রিয়সাধন ক'রো। কুরুকুলের ভার তোমার উপরেই পড়েছে।
যুধিষ্ঠির কাতর হয়ে কুন্তীকে নিবৃত্ত করবার চেষ্টা করলেন। ভীম বললেন, আমাদের ত্যাগ ক'রে বনে যাওয়াই যদি আপনার ইচ্ছা ছিল তবে আমাদের দিয়ে লোকক্ষয় করালেন কেন? কুন্তী পুত্রদের অনুনয় শুনলেন না, অনুরোধ ক'রে বললেন, তোমরা পাণ্ডুর পুত্র এবং দেবতুল্য পরাক্রমশালী; জ্ঞাতির হস্তে নির্জিত হয়ে যাতে তোমাদের দুঃখভোগ করতে না হয় সেজন্যই আমি তোমাদের যুদ্ধে উৎসাহিত করেছিলাম, তোমাদের তেজবৃদ্ধির নিমিত্ত বাসুদেবের নিকট বিদুলার উপাখ্যান বলেছিলাম। স্বামীর রাজ্যকালে আমি বহু সুখ ভোগ করেছি, এখন পুত্রের বিজিত রাজ্য ভোগ করতে চাই না। আমার পতি যেখানে আছেন সেই পুণ্যলোকে আমি যেতে ইচ্ছা করি; ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সেবা এবং তপস্যা ক'রে শরীর শুষ্ক করব। কুরুশ্রেষ্ঠ, ভীমসেন প্রভৃতির সহিত গৃহে ফিরে যাও, তোমার ধর্মে মতি থাকুক, মন মহৎ হ'ক।
ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠিরের জননী ফিরে যান, পুত্র ও ঐশ্বর্য ত্যাগ ক'রে ইনি কেন দুর্গম বনে যাবেন? রাজ্য থেকেই ইনি দান ব্রত ও তপস্যা করুন। গান্ধারী, তুমি এঁকে নিবৃত্ত হ'তে বল। ধর্মপরায়ণা সতী কুন্তী বনগমনের সংকল্প ত্যাগ করলেন না; তখন দ্রৌপদী প্রভৃতি বধূগণ সরোদনে পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে ফিরে গেলেন।